১৫ মার্চ, ২০২৩ ১৬:৩৯
রাজধানীর আদাবরে বেলুন, পটকা ও ফুল ফেরি করে বেচা এক মেয়ে শিশুকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে মঙ্গলবার (১৫ মার্চ) দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদাবরের ঢাকা উদ্যান এলাকায় ঘটনাটি ঘটে।
শিশুটির বাবা জানান, তার তিন মেয়ের মধ্যে নির্যাতিত শিশুটি মেঝ। বাবার কাছ থেকে ২০-৩০ টাকা নিয়ে বেলুন, পটকা ও ফুল ফেরি করে বিক্রি করত সে। পরে বাসায় চলে আসত। মঙ্গলবার সে বাসায় না ফেরায় পরিবার চিন্তিত হয়ে পড়ে।
পরে খবর পেয়ে শিশুটিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি শিশু হাসপাতালের সামনে থেকে উদ্ধার করেন স্বজনরা। এরপর রাত আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির ভাষ্যে স্বজনরা জানতে পারেন, রাতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে আদাবর এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করে। পরে তাকে শিশু হাসপাতালের সামনে ফেলে রেখে চলে যায়।
শিশুটির গ্রামের বাড়ি মাদারীপুর সদরে। তার বাবা রিকশাচালক, মা বিভিন্ন বাসায় কাজ করেন। মোহাম্মদপুরের একটি ভাড়া বাসায় থাকে তার পরিবার।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মধ্যরাতে ৮ বছরের শিশুটিকে রক্তাক্ত অবস্থায় নিয়ে এলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেন। বিষয়টি আদাবর থানাকে জানানো হয়েছে।
আপনার মন্তব্য