সিলেটটুডে ডেস্ক

২৭ মার্চ, ২০২৩ ১৪:২৬

তিন জেলায় তাপদাহ, অব্যাহত থাকবে

দেশের তিন জেলার উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে যে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খুলনায় ৪০ মিলিমিটার।

আপনার মন্তব্য

আলোচিত