সিলেটটুডে ডেস্ক

১০ এপ্রিল, ২০২৩ ১২:০৪

মদ ও বিয়ারসহ গ্রেপ্তার সেই নাফিজ আলম

র‍্যাব নিয়ে নির্মিত বিদেশের একটি ভিডিও প্রতিবেদনে যুক্ত হয়ে আলোচনায় থাকা মোহাম্মদ নাফিজ আলম গ্রেপ্তার হয়েছেন। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

২০১৭ সালে উত্তরায় তার বিরুদ্ধে মামলাটি হয়েছিল।

রোববার (৯ এপ্রিল) রাতে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

নাফিজ সম্প্রতি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) নিয়ে নির্মিত জার্মান মিডিয়া কোম্পানি ডয়চে ভেলের একটি বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ডিভিশনের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ছয় বছরের পুরোনো একটি মামলায় নাফিজকে গ্রেপ্তার করা হয়। তাকে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় এবং আজ তাকে আদালতে হাজির করা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রায় ১৮-২০টি মদের বোতল ও বিয়ার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হচ্ছে।

এরআগে ২০২১ সালে এক বন্ধুসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। র‍্যাব তার কাছ থেকে অবৈধ মদ উদ্ধারের কথা জানিয়েছিল। সম্প্রতি র‌্যাবকে নিয়ে ডয়চে ভেলের তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়ার কারণে আলোচনায় উঠে আসেন নাফিজ।

আপনার মন্তব্য

আলোচিত