সিলেটটুডে ডেস্ক

০১ জুন, ২০২৩ ১০:৪০

৭ লাখ ৬০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন আজ

প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ব্রিফকেস হাতে বাজেট উপস্থাপন করতে আসেন অর্থমন্ত্রী। ছবি: ফাইল

অর্থমন্ত্রী হিসেবে পঞ্চম বাজেট করতে যাচ্ছেন আহম মুস্তফা কামাল। এবারের বাজেটের মূল দর্শন ‘স্মার্ট বাংলাদেশ’।

বৃহস্পতিবার বিকাল ৩টায় তিনি ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শেষে যা ২৬ জুন পাস করার দিন নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বছরের বাজেট হবে এটি। আর সরকারের এ মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা কামালের হবে পঞ্চম বাজেট। প্রথমটি তিনি দিয়েছিলেন ২০১৯-২০ অর্থবছরে।

এবার বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬০ হাজার কোটি টাকার কাছাকাছি, যা ২০২২-২৩ অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার মূল বাজেটের চেয়ে ১২ দশমিক ৩৪ শতাংশ বেশি।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এবারের বাজেটের মূল দর্শন হিসেবে ‘২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’কে তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, গত দেড় দশকে বর্তমান সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশের অর্জন একটি টেকসই গ্রাউন্ডওয়ার্ক বা ভিত্তিপ্রস্তর তৈরি করে দিয়েছে। স্মার্ট বাংলাদেশ চারটি মূল স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি ও স্মার্ট ইকোনমি।

“২০২৩-২৪ অর্থবছরের বাজেটটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট। এবারের বাজেটে সঙ্গত কারণেই স্বাস্থ্য, কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থবছরের পুরো সময় জুড়েই থাকবে সরকারের নানা ধরনের খাদ্যবান্ধব কর্মসূচি, বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা।”

বাজেট উপস্থাপনের পরদিন শুক্রবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন অর্থমন্ত্রীসহ জ্যেষ্ঠ মন্ত্রীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd -এ বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবে এবং দেশ বা বিদেশ থেকে উক্ত ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে। প্রাপ্ত সকল মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। জাতীয় সংসদ কর্তৃক বাজেট অনুমোদনের সময়ে ও পরে তা কার্যকর করা হবে।

ব্যাপকভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নিম্নলিখিত সরকারি ওয়েবসাইট লিংক এর ঠিকানাগুলোতেও বাজেট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এগুলো হল- www.bangladesh.gov.bd, www.nbr.gov.bd, www.plancomm.gov.bd, www.imed.gov.bd, www.pressinform.portal.gov.bd, www.pmo.gov.bd

আপনার মন্তব্য

আলোচিত