সিলেটটুডে ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৬ ১১:৩০

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এ সময় তারা পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ করেছেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক বন্ধ করে আন্দোলন শুরু করে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম।

এতে মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকরা ডেগেরচালা রোড এলাকায় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগ করে।

শ্রমিক অসন্তোষের মুখে পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চলের ১০টি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, শ্রীপুরের নতুন বাজার এলাকার এস এম নীট ওয়্যার, বাঘের বাজারের গোল্ডেন রিফিট গার্মেন্টস ও ভবনীপুরের ফকিরা গার্মেন্টসের শ্রমিকরা কাজ বন্ধ করে উৎপাদন ফ্লোরে অবস্থান নিয়েছেন।

বাঘের বাজার এলাকার জেএল পোশাক কারখানা সকাল ১০টার দিকে ছুটি ঘোষণা করে। এছাড়া মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তারা মহাসড়কে অবস্থান নেননি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত