১৮ নভেম্বর, ২০২৬ ১৯:০৬
ছবি: সংগৃহীত
মতপ্রকাশের কারণে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশের ৩৮টি জেলায় ৮৬টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ভুক্তভোগী হয়েছেন ১১১ জন। তাদের মধ্যে ৬৬ জনকে গ্রেপ্তার বা হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া অন্তত চারজনকে মারধর করা হয়েছে, দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং আটজনকে চাকরি বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাতীয় ও স্থানীয় গণমাধ্যম এবং মাঠপর্যায়ের স্বেচ্ছাসেবকদের পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়, ১১১ জন ভুক্তভোগীর মধ্যে ১০০ জন পুরুষ (৯০ দশমিক ১ শতাংশ) এবং ১১ জন নারী (৯ দশমিক ৯ শতাংশ)।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ভুক্তভোগী ভোলায় ১৫ জন, ঢাকায় ১৪ জন, চট্টগ্রাম ও রাজশাহীতে আটজন করে এবং বগুড়ায় ছয়জন। এই পাঁচ জেলায় মোট ভুক্তভোগীর ৪৫ দশমিক ৯ শতাংশের ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে কয়েকটি জেলায় একই মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করার কারণে ভুক্তভোগীর সংখ্যা তুলনামূলক বেশি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে মতপ্রকাশের কারণে আইনি হয়রানি ও গ্রেপ্তারকে প্রধান প্রবণতা হিসেবে চিহ্নিত করেছে এইচআরএসএস। ভুক্তভোগীদের বিরুদ্ধে বিভিন্ন আইনের মোট ৬৬টি প্রয়োগের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সাইবার নিরাপত্তা আইন, অধ্যাদেশ ও অন্যান্য সাইবার আইনের প্রয়োগ ৩৬টি (৫৪ দশমিক ৫ শতাংশ)। দণ্ডবিধি ও মানহানিসংক্রান্ত অভিযোগে ১৩টি (১৯ দশমিক ৭ শতাংশ) এবং সন্ত্রাসবিরোধী আইনে ১০টি (১৫ দশমিক ২ শতাংশ) প্রয়োগের ঘটনা রয়েছে। এই তিন শ্রেণির আইনের প্রয়োগ মোট ৮৯ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া ১১ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গ্রেপ্তার ও আটকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১০০ জন পুরুষ ভুক্তভোগীর মধ্যে ৬৩ জন এবং ১১ জন নারী ভুক্তভোগীর মধ্যে তিনজন গ্রেপ্তার বা হেফাজতে নেওয়ার শিকার হয়েছেন। অর্থাৎ, মোট ৬৬ জন ভুক্তভোগী গ্রেপ্তার বা হেফাজতে ছিলেন। তাঁদের মধ্যে ৪৭ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ১৯ জন পুরুষকে মামলা ছাড়াই আটক বা গ্রেপ্তার করা হয়েছে। মামলা ছাড়া আটকের এ প্রবণতা ব্যক্তিস্বাধীনতা, যথাযথ আইনি প্রক্রিয়া ও আইনের শাসন নিয়ে প্রশ্ন তৈরি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মতপ্রকাশের কারণে নিপীড়নের অন্যতম উপলক্ষ হিসেবে উঠে এসেছে রাজনৈতিক নেতৃত্ব, সরকার ও ক্ষমতাসীন ব্যক্তিদের সমালোচনা। প্রধানমন্ত্রী, তাঁর পরিবার, সরকার ও বিএনপি নেতাদের সমালোচনার কারণে মোট ৬২ জন (৫৫ দশমিক ৯ শতাংশ) ভুক্তভোগী হয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রীর সমালোচনার কারণে ২২ জনের (১৯ দশমিক ৮ শতাংশ) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৭ জন গ্রেপ্তার হয়েছেন।
এ ছাড়া ধর্মীয় বিষয় ও ধর্মীয় ব্যক্তিত্বকে কেন্দ্র করে বক্তব্য বা সমালোচনার কারণে ২৩ জন (২০ দশমিক ৭ শতাংশ), জুলাই গণঅভ্যুত্থানের সমালোচনার কারণে ১০ জন (৯ শতাংশ), সংবাদ প্রকাশের কারণে সাতজন (৬ দশমিক ৩ শতাংশ) এবং বিএনপি নেতার মানহানির অভিযোগে আরও সাতজন (৬ দশমিক ৩ শতাংশ) লক্ষ্যবস্তু হয়েছেন।
ভুক্তভোগীদের বয়সের তথ্য পাওয়া গেছে ৭১ জনের। তাদের মধ্যে ৫০ জনের (৭০ দশমিক ৪ শতাংশ) বয়স ৩৫ বছর বা তার কম। ২৫ বছর বা তার কম বয়সী ২৪ জন। প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সী তিন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে অভিযুক্ত হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
নারী ভুক্তভোগীদের মধ্যে ১১ জনের সাতজনই জুলাই আন্দোলনের সমালোচনার অভিযোগে রাষ্ট্র সংলাপ ফোরামের করা জিডির আসামি হয়েছেন। তবে তাঁদের কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও আইনি হয়রানির বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। পেশাগত পরিচয় জানা ৮৪ জন ভুক্তভোগীর মধ্যে ২৫ জন সাংবাদিক, যা ২৯ দশমিক ৮ শতাংশ। তাঁদের মধ্যে ২৩ জনের বিরুদ্ধে মামলা এবং দুজনের বিরুদ্ধে জিডি করা হয়েছে। ২৫ সাংবাদিকের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা, পাঁচজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির মামলা হয়েছে। এ ছাড়া চারজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন।
সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি। তাঁদের করা মামলার শিকার হয়েছেন ১৪ জন সাংবাদিক। ভোলা, চট্টগ্রাম ও বগুড়া—এই তিন জেলায় ১৯ জন সাংবাদিক ভুক্তভোগী হয়েছেন। এসব ঘটনা অনুসন্ধানী সাংবাদিকতা, সমালোচনামূলক সংবাদ প্রকাশ এবং জনস্বার্থে তথ্য প্রকাশের ক্ষেত্রে ভীতিকর পরিবেশ তৈরির আশঙ্কা সৃষ্টি করেছে বলে প্রতিবেদনে বলা হয়।
রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া ২০ জন ভুক্তভোগীর মধ্যে জামায়াতে ইসলামীর পাঁচজন, বিএনপি ও ছাত্রদলের চারজন, এনসিপির চারজন, আওয়ামী লীগের তিনজন, ছাত্রলীগের তিনজন এবং এনডিবির একজন রয়েছেন। অর্থাৎ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকেরাও মতপ্রকাশের কারণে আইনি ও অন্যান্য ব্যবস্থার মুখোমুখি হয়েছেন।
অন্যদিকে, মামলা ও জিডির বাদীর পরিচয় পাওয়া ৬০টি ঘটনার মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে ২৩টিতে (৩৮ দশমিক ৩ শতাংশ)। পুলিশের সংশ্লিষ্টতা ১৫টিতে (২৫ শতাংশ), রাষ্ট্র সংলাপ ফোরামের আটটিতে (১৩ দশমিক ৩ শতাংশ) এবং ধর্মীয় সংগঠন বা ব্যক্তিদের সংশ্লিষ্টতা তিনটিতে (৫ শতাংশ)। এতে মতপ্রকাশের স্বাধীনতা সংকোচনের ঝুঁকিতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং অন্যান্য অরাষ্ট্রীয় পক্ষের ভূমিকাও উঠে এসেছে।
মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ২২টি (১৯ দশমিক ৮ শতাংশ) এবং এপ্রিলে ১৮টি (১৬ দশমিক ২ শতাংশ) ঘটনা নথিভুক্ত হয়েছে। জুনে ১৩টি (১১ দশমিক ৭ শতাংশ) এবং অক্টোবরে ১২টি (১০ দশমিক ৮ শতাংশ) ঘটনা ঘটেছে। বিপরীতে ফেব্রুয়ারিতে সবচেয়ে কম দুটি ঘটনা পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের প্রথম ১০ মাসে দেশে মতপ্রকাশের স্বাধীনতা রাজনৈতিক, আইনি, সামাজিক ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন চাপের মুখে ছিল। সাইবার আইনের ব্যাপক প্রয়োগ, সমালোচনামূলক বক্তব্যের কারণে গ্রেফতার, মামলা ছাড়া আটক, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শিশু-কিশোরদের আইনি প্রক্রিয়ায় জড়ানো এবং অরাষ্ট্রীয় পক্ষের হামলা ও পিটুনিতে হত্যার ঘটনা মৌলিক অধিকার সুরক্ষায় ঘাটতির ইঙ্গিত দেয়। রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পরও সমালোচনা ও ভিন্নমত প্রকাশের কারণে হয়রানির ঘটনা অব্যাহত থাকায় আইনি ও প্রাতিষ্ঠানিক সুরক্ষার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে আইন প্রয়োগের ক্ষেত্রে বৈধতা, প্রয়োজনীয়তা ও আনুপাতিকতার নীতি অনুসরণ, সমালোচনা ও অপরাধের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বজায় রাখা, অযৌক্তিক গ্রেপ্তার ও মামলা বন্ধ করা এবং সাংবাদিক ও শিশু-কিশোরদের বিশেষ সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করেছে এইচআরএসএস। একই সঙ্গে মতপ্রকাশের কারণে সংঘটিত সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
এইচআরএসএসের মতে, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সব পক্ষকে ভিন্নমত ও সমালোচনার প্রতি সহনশীল হতে হবে। রাষ্ট্রের সমালোচনা, সরকারের জবাবদিহি দাবি কিংবা প্রচলিত রাজনৈতিক ও সামাজিক মতের বিরোধিতা আইনসম্মতভাবে সংজ্ঞায়িত কোনো অপরাধের উপাদান পূরণ না করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত নয়।
প্রতিবেদনে সংস্থাটি আরও বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা কোনো সরকারের অনুগ্রহ নয়; এটি নাগরিকের মৌলিক সাংবিধানিক অধিকার এবং রাষ্ট্রের বাধ্যতামূলক মানবাধিকারগত দায়িত্ব।
আপনার মন্তব্য