১৯ নভেম্বর, ২০২৬ ০০:০১
সুনামগঞ্জের দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষের পর রবজুল হক মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হলেও শরীরে বাহ্যিক তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক ও পুলিশ।
ফলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। এদিকে মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ছাদিরপুর পয়েন্ট এলাকায় পূর্ববিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
নিহত রবজুল হক মোড়ল শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর গ্রামের জমির হোসেনের লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়ল গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার রাতে ছাদিরপুর পয়েন্ট এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক সঞ্জিত বোয়ালা রবজুল হককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফরিদ আলী (৫৫) নামে অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসক সঞ্জিত জানিয়েছেন, মৃত ব্যক্তির শরীরে বাহ্যিক তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ বিষয়ে জমির হোসেন বলেন, ছাদিরপুর পয়েন্টে রাজনসহ কয়েকজন মিলে ফরিদ আলীকে একা পেয়ে মারধর করেছেন বলে তিনি শুনেছেন। তবে রবজুল হক মোড়লের মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
অন্যদিকে এ ঘটনায় বক্তব্য জানতে রাজন ও নুরুল আমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম।
তিনি বলেন, নিহত রবজুল হকের শরীরে বাহ্যিক তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মাথার নিচের দিকে সামান্য ফোলা ভাব রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে রবজুল হক মোড়লের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।
আপনার মন্তব্য