মৌলভীবাজার প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২৬ ১৪:২৭

কুয়াশায় ঢাকছে চা-বাগান, শীত নামছে শ্রীমঙ্গলে

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। গত কয়েক দিন ধরে কমছে তাপমাত্রা। ভোরে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে চা-বাগান ও হাওরবেষ্টিত জনপদ। সন্ধ্যার পর থেকে বইছে শীতল বাতাস, রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনুভূত হচ্ছে শীতের তীব্রতা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের বেলায় সূর্যের আলো থাকায় শীতের অনুভূতি কিছুটা কম।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ আনিছুর রহমান তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

এদিকে ভোর ও সন্ধ্যার পর শীতল বাতাসে বাড়ছে ঠান্ডার অনুভূতি। বিশেষ করে চা-বাগানসংলগ্ন এলাকাগুলোতে শীতের প্রভাব বেশি টের পাচ্ছেন স্থানীয়রা। শীতের আগমনী বার্তা পেয়ে জেলার বিভিন্ন হাট-বাজারে শুরু হয়েছে গরম কাপড়ের বেচাকেনা। সব মিলিয়ে চায়ের দেশে ধীরে ধীরে জানান দিচ্ছে শীত।

আপনার মন্তব্য

আলোচিত