সিলেটটুডে ডেস্ক

২৫ জুলাই, ২০১৬ ১২:২৬

গুলশান হামলায় ব্যবহৃত অস্ত্রের যোগানদাতাদের খোঁজ মিলেছে: আইজি

গুলশানের হোলি আর্টিসেন রেস্তুরায় জঙ্গি হামলায় ব্যবহার করা অস্ত্রের যোগানদাতাদের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) একেএম শহিদুল হক।

সোমবার (২৫ জুলাই) সকালে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে মাস্টার্স প্রোগ্রামের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের এই সর্বোচ্চ কর্মকর্তা বলেন, ‘যে অস্ত্রগুলো গুলশান হামলায় ব্যবহার করা হেয়ছিল, তা আগেও ব্যবহৃত হয়েছে। এগুলো যে খুব আধুনিক অস্ত্র তা নয়। আমরা এসব অস্ত্রের মদদদাতাদের আটকের চেষ্টা করছি।’

তিনি বলেন, "এ ঘটনার মূল পরিকল্পনাকারী  মাস্টারমাইন্ড যারা আছে তাদেরও দুয়েক জনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের অভিযান চলছে।"  

শহিদুল বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা ধাপে কাজ করছি। একটা হচ্ছে প্রতিরোধ আরেকটা হচ্ছে সচেতনতা। পুলিশ তথ্য সংগ্রহ করে অভিযান চালাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ কখনোই জঙ্গিবাদকে সমর্থন করেনি। গুলশান এবং শোলাকিয়ার ঘটনায় যেসব জঙ্গি মারা গেছে, তাদের লাশ নেয়ার জন্য তাদের পরিবারের কেউ যোগাযোগ পর্যন্তও করেনি। শোলাকিয়ায় নিহত এক জঙ্গির জানাযার নামায পড়ার জন্য একজন মৌলভি ছাড়া কোনো মানুষ পাওয়া যায়নি।’

জঙ্গিদের লাশগুলো কি করা হবে জানতে চাইলে আইজিপি বলেন, ‘শালগুলো নিয়ে আপাতত নানা পরীক্ষা নীরিক্ষা চলছে। এর মধ্যে কেউ লাশ নিতে না আসলে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।’


উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানের হলে আর্টিজান রেস্টুরেন্টে ঢুকে ২০ জন দেশী ও বিদেশী নাগরিককে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের হামলায় নিহত হন দুই পুলিশ অফিসারও। অবশেষে পুলিশের গুলিতে নিহত হয় ৫ জঙ্গি, আটক করা হয় একজনকে।

সিরিয়া ও ইরাকভিত্তিক ইসলামিক স্টেট (আইএস) গুলশান হামলার দায় স্বীকার করেছে বলে খবর এলেও বাংলাদেশের পুলিশ বলছে, জেএমবি ও সমমনা দেশীয় জঙ্গিরাই রয়েছে ওই হামলার পেছনে।

আপনার মন্তব্য

আলোচিত