২২ জানুয়ারি, ২০১৭ ১৩:০০
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি, নথিপত্র ও জুডিশিয়াল রেকর্ড হাইকোর্টে পাঠানো হয়েছে। রবিবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই নথি প্রেরণ করেন। সেখানে হাইকোর্টের ডেথ রেফারেন্সে এই মামলার শুনানি হবে অচিরেই।
আজ রোববার (২২ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
এ পিপি আরো বলেন, দুটি মামলার রায় হচ্ছে ১৬৩ পাতা করে। দুটি মামলার রায় ১১ হাজার লাইন করে ২২ হাজার লাইন।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সাত খুন মামলায় নূর হোসেন, র্যাবের চাকরীচ্যুত কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন, এম এম রানা ও নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয় দায়রা জজ এনায়েত হোসেন। একই সঙ্গে নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। নিয়ম অনুযায়ী বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে প্রেরণ করা হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত।
আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের এই সাজা অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে ‘ডেথ রেফারেন্স’ শুনানি হবে। সেখানে সাজা বহাল থাকলে তারা আপিল করতে পারবেন। এ জন্য তারা ৩০ দিন সময় পাবেন। যদি কেউ আপিল না করেন তা হলে তাদের ক্ষেত্রে শুধু ডেথ রেফারেন্সেরই শুনানি হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন প্রায় একই স্থান থেকে আরেকজনের লাশ পাওয়া যায়।
আপনার মন্তব্য