২৬ জানুয়ারি, ২০১৭ ১৫:৩৪
সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে ডাকা আধাবেলা হরতালে পুলিশি হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ।
আগামী ২৮ জানুয়ারি শনিবার সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ দিবস এবং রাজধানীর প্রেসক্লাব ও শাহবাগে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারি সারাদেশে অবস্থান ধর্মঘটেরও ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তিনি এই ঘোষণা দেন।
এছাড়া আগামী ১১ মার্চ উপকূলীয় অঞ্চলের স্থানীয় সাধারণ মানুষকে নিয়ে খুলনা মহানগরীতে মহাসমাবেশ হবে বলে ঘোষণা করেন তিনি।
উল্লেখ্য, রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকায় হরতাল পালন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে বিচ্ছিন্নভাবে হরতাল পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসের আশপাশের এলাকা, শাহবাগ, আজিমপুর, শান্তিনগরে সকাল থেকেই হরতাল সমর্থকরা অবস্থান নেন। এসময় তাঁরা যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন ও হরতালের সমর্থনে বেশ কয়েকটি স্থানে মিছিল করেন। হরতালকারীদের ছত্রভঙ্গ করতে শাহবাগে জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। এসময় ছাত্র ইউনিয়নের ৭/৮ জন নেতাকর্মী আহত হন।
আপনার মন্তব্য