সিলেটটুডে ডেস্ক

২৬ জানুয়ারি, ২০১৭ ২০:০৩

হরতালে সাংবাদিক পেটানোর ঘটনা তদন্তে কমিটি

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে বৃহস্পতিবারের (২৬ জানুয়ারি) আধা বেলা হরতাল চালাকালে দুই গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

মারুফ হোসেন সরদার জানান, তদন্ত কমিটির সদস্যরা হলেন রমনা বিভাগের এডিসি (প্রশাসন) নাবিদ কামাল শৈবাল, এডিসি আজিমুল হক ও এসি ইহসানুল হক। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে হরতাল চলাকালে রাজধানীর শাহবাগে পুলিশ হরতালকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে। হরতালের এই দৃশ্য ও সংবাদ সংগ্রহ করতে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলীম। তখন পুলিশের হামলার শিকার হন তারা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত সাংবাদিক এহসান বিন দিদার জানান, অর্ধদিবস হরতালের সংবাদ কাভার করার জন্য তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন। এ সময় শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এরশাদ মণ্ডলের নেতৃত্বে চার-পাঁচজন পুলিশ সদস্য তাদের ওপর হামলা চালান। কী কারণে হামলা, তা তারা বুঝতে পারেননি।

আপনার মন্তব্য

আলোচিত