২৭ জানুয়ারি, ২০১৭ ১৫:১৯
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা বৃহস্পতিবারের আধাবেলা হরতালের সময় এটিএন নিউজের দুই সংবাদকর্মীকে মারধরের ঘটনায় এটিএন নিউজের পক্ষ থেকে করা একটি অভিযোগ নিয়েছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে পুলিশ হরতালকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে। হরতালের এ দৃশ্য ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মী। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত সংবাদকর্মীরা হলেন এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলীম।
ঘটনার দিন সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন রমনা বিভাগের এডিসি (প্রশাসন) নাবিদ কামাল শৈবাল, এডিসি আজিমুল হক ও এসি ইহসানুল হক। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এছাড়া সাসপেন্ড করা হয় অভিযুক্ত এএসআই এরশাদকে।
আপনার মন্তব্য