সিলেটটুডে ডেস্ক

২৭ জানুয়ারি, ২০১৭ ১৮:২২

রিকশাভ্যানে চড়ে পিতৃভূমে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে চড়েছেন রিকশাভ্যানে। একটি সাধারণ রিকশাভ্যানে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুরে বেড়ানোর সেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

এই ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী তাঁর এক নাতনিকে কোলে নিয়ে রিকশাভ্যানের সামনের দিকে বসেন। ভ্যানে প্রধানমন্ত্রীর পাশে ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, তার বিদেশি স্ত্রী ও দুই সন্তানকে। এক যুবক সেই ভ্যানটি চালাচ্ছিলেন। প্রধানমন্ত্রীর আশপাশে তাঁর নিরাপত্তারক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও দেখা যায় সেই ছবিতে।

গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের মানিকদহ আবাসিক এলাকায় সপ্তাহব্যাপী ১১তম জাতীয় রোভার মুট উদ্বোধন করেন। পরে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে তিনি বিশেষ মোনাজাত করেন। রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক নিবাসে অবস্থান করেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডে গিয়েছিলেন একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে। সম্মেলন শেষে তিনি ছোট বোন রেহানাকে নিয়ে দাভোসে বরফের মধ্যে ছবি তোলেন। সেই ছবিটিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হলে ব্যাপক সাড়া ফেলে।

আপনার মন্তব্য

আলোচিত