০৫ ফেব্রুয়ারি , ২০১৭ ২৩:৩৫
দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের হত্যাকারী হিসেবে অভিযুক্ত সিরাজগঞ্জের শাহজাদপুরের মেয়র হালিমুল হক মিরুকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহমেদ।
এর আগে শনিবার ভোরে গ্রেপ্তার হয় এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা কে এম নাসির উদ্দীন।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসানাত জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে আরও তিনজনকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে।
এরও আগে পৌর মেয়র মিরুর ভাই হাসিবুল হক পিন্টু ও হাবিবুল হক মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুরে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক শহরের কালীবাড়ি মোড়ে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে বিজয়ের সমর্থক কলেজছাত্র ও মহল্লার লোকজন একযোগে বেলা তিনটার দিকে মেয়রের বাসায় হামলা চালান। এ সময় মেয়র হালিমুল হক মিরু তার শটগান থেকে গুলি ছোড়েন।
এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে সেখানে ছিলেন সাংবাদিক শিমুল এবং তিনি তখন গুলিবিদ্ধ হন। একাধিক গুলি তার মাথা ও মুখে লাগে। প্রথমে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার দুপুরে বগুড়া থেকে ঢাকায় আনার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন নাহার বেগম শুক্রবার শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে মেয়র হালিমুল হক, তার দুই ভাইসহ ১২ জনের নাম উল্লেখ করে ১৫ জনকে আসামি করা হয়।
আপনার মন্তব্য