২৫ মার্চ, ২০১৮ ১২:২৫
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড আরও বাড়াতে আপিল আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৫ মার্চ) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ আবেদন করেন।
এসময় দুদকের এ আইনজীবী জানান, নিম্ন আদালতে দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের জন্য হলফনামা (এফিডেভিট) দাখিল করেছি। আগামী মঙ্গলবার এটি হাইকোর্টে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, এ মামলায় প্রধান আসামিকে দেওয়া হয়েছে ৫ বছর সাজা। কিন্তু সহযোগীদের দেওয়া হয়েছে ১০ বছর করে। সুতরাং প্রধান আসামির সাজাটা অপর্যাপ্ত মনে করে দুদক। এ কারণে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে দুদক এ আপিল করেছে।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান।
ওইদিন এ মামলার অন্য আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। বিশেষ জজ আদালতের ওই রায়ের পর থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।
ইতোমধ্যে খালেদা জিয়ার জামিন ও খালাস চেয়ে আবেদন করা হয়েছে। হাইকোর্ট খালেদা জিয়ার অর্থদণ্ড স্থগিত রেখে জামিন দিলেও পরে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।
আপনার মন্তব্য