সিলেটটুডে ডেস্ক

৩১ মার্চ, ২০১৮ ১৯:৪৯

যুদ্ধাপরাধী আজহারুলের মামলার সাক্ষী নিখোঁজ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী এটিএম আজহারুর ইসলামের বিরুদ্ধে দায়ের মামলার সাক্ষী রংপুরের পিপি রথিশচন্দ্র ভৌমিক বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সরকারি কৌঁসুলি হিসেবে জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলাও পরিচালনা করেছিলেন তিনি।

রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল মিঞা বলেন, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে রথিশ আর ফিরে আসেননি জানিয়ে তার ছোট ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক সুবল জিডি করেছেন।

রথিশ রংপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি।

তিনি জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুর ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী। আদালতে আজহারুলের ফাঁসির রায় হওয়ার পর আপিল শুনানি চলছে।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “রথিশ নিখোঁজ হওয়ার বিষয়টি তার পরিবার শুক্রবার রাত ১১টায় আমাদের জানান।

“এরপর থেকে আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন(পিবিআই) কাজ করছে।”

রথিশ তাজহাট উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কটির সভাপতি। বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা শনিবার সকালে রথিশের সন্ধান দাবিতে তাজহাট চারমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আপনার মন্তব্য

আলোচিত