সিলেটটুডে ডেস্ক

১০ এপ্রিল, ২০১৮ ০০:১৫

ভ্যাট দিতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে

আগামী ২০১৮-১৯ অর্থবছর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপ করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার (৯ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনার পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট একটা সমস্যা। আবার ভ্যাটটা আমরা মেনটেইন করব। কিন্তু সেটা নেব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের কাছ থেকে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে কী নেবে, না নেবে জানি না।’

এছাড়া আগামী বাজেটে কর্পোরেট কর কিছুটা কমবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে কর্পোরেট কর হারটা অত্যন্ত বেশি। বর্তমানে কর্পোরেট করের কয়েকটা হার রয়েছে। ৪৫ শতাংশ, ৪২ দশমিক ৫ শতাংশ, ৩৭ দশমিক ৫ শতাংশ, ৩৫ শতাংশ ইত্যাদি। করা আদর্শ হবে দুটি কর হার ।

প্রাক-বাজেট আলোচনায় ছিলেন অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।


আপনার মন্তব্য

আলোচিত