সিলেটটুডে ডেস্ক

১২ এপ্রিল, ২০১৮ ১৫:১৬

কোটার বিষয়ে প্রজ্ঞাপন যথাসময়ে: জনপ্রশাসন সচিব

কোটা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে নিজ দপ্তরে আলাপকালে এ কথা জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে।

প্রজ্ঞাপন কবে নাগাদ হতে পারে—এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, ‘যথাসময়েই হবে।’

সব চাকরির ক্ষেত্রেই কোটা বাতিল হবে কি না—এমন প্রশ্নে সচিব বলেন, ‘সুস্পষ্ট নির্দেশনা পেলেই এই বিষয়ে বলা যাবে।’ প্রজ্ঞাপনের সময়ই এসব বিষয়ে উল্লেখ থাকবে বলে জানান তিনি।

গত রোববার  (৮ এপ্রিল) থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন সারা দেশের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আন্দোলনের প্রেক্ষিতে বুধবার (১১ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।

এরপর বৃহস্পতিবার কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।

আপনার মন্তব্য

আলোচিত