সিলেটটুডে ডেস্ক

১৪ এপ্রিল, ২০১৮ ২০:৩০

পবিত্র শবে মেরাজ আজ

পবিত্র শবে মেরাজ আজ। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আজ ২৬ রজব, শনিবার রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাদ মাগরিব জাতীয় মসজিদে এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

ইসলাম ধর্ম মতে, পবিত্র এ রাতে হযরত মুহম্মদ (সা.) মেরাজ গমন করে আল্লাহ্‌র সান্নিধ্য লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। ধর্মপ্রাণ মুসলমানরা হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে লাইলাতুল মেরাজ পালন করেন। ইসলামে এই রাতকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে।

মেরাজের রাত ইবাদত-বন্দেগি ও দোয়া কবুলের রাত হিসেবে গণ্য করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে রাতটি পার করে থাকেন। অনেকে মেরাজে নফল রোজা রাখেন। দান-সদকাও করেন।

ইসলামী শরীয়তের পরিভাষায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফরকে ‘ইসরা’ এবং মসজিদুল আকসা থেকে সাত আসমান পেরিয়ে আরশে আজিম সফরকে ‘মেরাজ’ বলা হয়।

ইসলামের ইতিহাস অনুযায়ী হজরত মুহাম্মদের (সা.) নবুওয়ত প্রাপ্তির একাদশ বৎসরের (৬২০ খ্রিষ্টাব্দ) রজব মাসের ২৬ তারিখের দিবাগত রাতে হযরত জিবরাঈল (আ.)-এর সঙ্গে পবিত্র কাবা হতে পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তাকাশের উপর আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টি জগতের অপার রহস্য।

আপনার মন্তব্য

আলোচিত