সিলেটটুডে ডেস্ক

২৩ মে, ২০১৮ ১৫:০২

ভাসানচরে নেওয়া হবে একলাখ রোহিঙ্গাকে: প্রধানমন্ত্রী

শিগগিরই এক লাখ রোহিঙ্গাকে কক্সবাজারের টেকনাফের শিবির থেকে ভাসানচরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৩ মে) সকালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএনএফপিএর নির্বাহী পরিচালক নাটালিয়া কানেম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের জন্য নাটালিয়া কানেম প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, “রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, স্থানীয় জনগণ তাদের খুব সহায়তা করছে। বর্ষা মৌসুমে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন যে, মিয়ানমার যতদিন তাদের নাগরিকদের ফিরিয়ে না নেয়, ততদিন ভাসানচরে তাদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।”

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, “অল্পদিনের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে ওখানে স্থানান্তরের কথাও বলেছেন প্রধানমন্ত্রী।”

মায়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গত বছরের ২৩ নভেম্বর সম্মতিপত্রে সই করে দুই দেশ।

জাতিসংঘ ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ বলে আসছে। আর আন্তর্জাতিক পর্যায়ে এই রোহিঙ্গা সঙ্কটকে এশিয়ার এ অঞ্চলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শরণার্থী সমস্যা হিসেবে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত