সিলেটটুডে ডেস্ক

০৫ জুন, ২০১৮ ১৪:৩০

বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত

এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দিয়ে বিমান বাহিনী প্রধান নিয়োগ দিয়েছে সরকার।

মাসিহুজ্জামানকে আগামী তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা ১২ জুন থেকে কার্যকর হবে। সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, বিমান বাহিনীর প্রধান পদে মাসিহুজ্জামান এয়ার চিফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হচ্ছেন। চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন আবু এসরার।

বিমান বাহিনীর প্রধান পদে এয়ার চিফ মার্শাল আবু এসরারের মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ১২ জুন থেকে তাকে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করে অবসর পাঠানোর বিষয়ে সোমবার আলাদা আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সশস্ত্র বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই বছর আগে করা নতুন বেতন কাঠামো অনুযায়ী সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা মন্ত্রীপরিষদ সচিব ও মুখ্য সচিবের সমান, অর্থাৎ মাসে ৮৬ হাজার টাকা বেতন (মূল) পান। সেই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য প্রযোজ্য বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা পান তারা।

আপনার মন্তব্য

আলোচিত