সিলেটটুডে ডেস্ক

০৮ জুন, ২০১৮ ১৬:০৭

সাইবার ট্রাইব্যুনাল হচ্ছে সাত বিভাগীয় শহরে

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের অধীনে সংঘটিত অপরাধের দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিতকরণের জন্য দেশের সাত বিভাগীয় শহরে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হবে। এই আদালত গঠন করার প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট ও দেশের অধস্তন আদালতগুলোর বিচার কার্যক্রম ও মামলা ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানোর প্রচেষ্টা অব্যাহত আছে। বর্তমানে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারাধীন মামলার সংক্ষিপ্ত বিবরণ, ধার্য তারিখ ও প্রাসঙ্গিক অন্যান্য তথ্য তাৎক্ষণিকভাবে আপলোড করা হয়।

এ ছাড়া সুপ্রিম কোর্টের ৫টি স্থানে স্থাপিত ডিসপ্লে বোর্ড ও এসএমএসের মাধ্যমে জনগণের কাছে মামলার সর্বশেষ তথ্য পৌঁছে যাচ্ছে। বেইল কনফারমেশন অনলাইন ম্যানুয়ালের মাধ্যমে সুপ্রিম কোর্ট থেকে দেওয়া জামিন আদেশের তথ্য জানা যাচ্ছে। মামলা ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আনার লক্ষ্যে ই-জুডিশিয়ারি কার্যক্রমের মাধ্যমে দেশের সব আদালতকে আইসিটি নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত