সিলেটটুডে ডেস্ক

০৯ জুন, ২০১৮ ২১:০৭

খালেদার মাইল্ড স্ট্রোক হয়েছে, ধারণা চিকিৎসকদের

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘মাইল্ড স্ট্রোক’ করেছিলেন বলে ধারণা তার ব্যক্তিগত এক চিকিৎসকের।

শনিবার (৯ জুন) কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডে কারা ফটকের সামনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এফএম সিদ্দিকী সাংবাদিকদের এ ধারণার কথা জানান।

তিনি বলেন, 'বিএনপি চেয়ারপারসন গত ৫ জুন হঠাৎ করে পড়ে গিয়েছিলেন। তিনি ওই সময়টার কথা বলতে পারছেন না। তার একটি মাইল্ড স্ট্রোক হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে।'

অধ্যাপক এফ এম সিদ্দিকী ছাড়াও খালেদা জিয়াকে কারাগারে দেখতে গিয়েছিলেন তার ব্যক্তিগত আরও তিন চিকিৎসক। তারা হলেন- নিউরো মেডিসিনের অধ্যাপক সৈয়দ ওয়াহেদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক আবদুল কুদ্দুস এবং কার্ডিওলজিস্ট মোহাম্মদ মামুন।

বিএনপি নেত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে কারাগারের বাইরে বিশেষায়িত একটি হাসপাতালে ভর্তি করতে সুপারিশ করেছেন তারা।

চিকিৎসক এফ এম সিদ্দিকী বলেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে চার পৃষ্ঠার একটি সুপারিশমালা তারা কারা কর্তৃপক্ষকে দিয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পুরনো ঢাকার কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

আপনার মন্তব্য

আলোচিত