১২ জুন, ২০১৮ ১৫:৫৪
বিভিন্ন ক্যাডারে একহাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করে ৩৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (১২ জুন) এক বিশেষ বৈঠকের পর এই ফল প্রকাশ হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মেহদী শাহনেওয়াজ জলিল এই তথ্য জানান।
তিনি বলেন, ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়েছে।
পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, এতে সাধারণ ক্যাডার হয়েছেন ৪৬৫ জন, সহকারী সার্জন হয়েছেন ২৭২ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫১ জন। অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ জন এবং শিক্ষা ক্যাডার হয়েছেন ২১০ জন। এছাড়া ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়েছে। পদ পাওয়া সাপেক্ষে তাদের নিয়োগ দেওয়া হবে।
ফলাফল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে জানা যাবে।
এছাড়া, মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে PSC<Space>37<Space>Registration Number লিখে 16222 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন। যাদের মধ্য থেকে লিখিত পরীক্ষার জন্য ৮ হাজার ৫২৩ জনকে মনোনীত করা হয়।
২০১৭ সালের ২৫ অক্টোবর ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি, মৌখিক পরীক্ষার জন্য ৫ হাজার ৩৭৯ জনকে উত্তীর্ণ করা হয়েছিল।
আপনার মন্তব্য