সিলেটটুডে ডেস্ক

১২ জুন, ২০১৮ ১৬:১৫

রাষ্ট্রীয়ভাবে কারোর নিরাপত্তার ঘাটতি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয়ভাবে কোনও নাগরিকের নিরাপত্তার কোনও ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মুন্সিগঞ্জের সিরাজদিখানের পূর্ব কাকালদী গ্রামে দুর্বৃত্তের গুলিতে লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু নিহত হওয়ার ঘটনায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কোনও সমস্যা নেই।’

মঙ্গলবার (১২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মুক্তমনা লেখকদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোনও ঘাটতি ছিল কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপত্তার ঘাটতি কোনও জায়গাতেই ঘটেনি। যে ঘটনা ঘটেছে, তা তদন্ত হওয়ার আগেই কিছু বলা ঠিক হবে না। কেবল ঘটনা ঘটল, আমরা দেখছি। তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না। রাষ্ট্রীয়ভাবে কারোর নিরাপত্তার ঘাটতি নেই। আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’   

উল্লেখ্য, ৯০ দশকের প্রকাশক শাহজাহান বাচ্চু, যিনি শুধু কবিতার বই প্রকাশ করতেন। এছাড়াও তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদী গ্রামের তিন রাস্তার মোড়ে শাহজাহানের বাড়ি থেকে আধা কিলোমিটার পূর্ব দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শাহজাহান বাচ্চুর এক বন্ধু ফেসবুক পোস্টে জানান, উনি দোকানে বসে ছিলেন। মোটরসাইকেলে করে দুইজন এসে গুলি করে পালিয়ে যায়।

লেখালেখির কারণে তাকে ধর্মীয় উগ্রবাদীরা বিভিন্ন সময় হুমকি প্রদান করে বলে জানিয়েছেন বাচ্চুর স্বজনরা। এছাড়া ২০১৫ সালে একাধিক সংবাদ মধ্যমেও তাকে হত্যার হুমকির বিষয়েও সংবাদ প্রকাশিত হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত