২৩ জুন, ২০১৮ ০৯:৩৮
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রাস্তায় দাঁড়িয়ে থাকা ছয়জন বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।
শুক্রবার রাত দুইটার দিকে ঠাকুরটারী এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের একটি চাকা ঠাকুরটারী এলাকায় রাত দেড়টার দিকে ফেটে যায়। চাকাটি বদল করছিলেন বিআরটিসির চালক ও তাঁর সহকারী এবং তা মহাসড়কে দাঁড়িয়ে দেখছিলেন গাড়ির কয়েকজন যাত্রী।
রাত দুইটার দিকে রংপুরগামী একটি ট্রাক পেছন থেকে সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীসহ বিআরটিসির বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহত হন ১৩ জন।
খবর পেয়ে রাত আড়াইটার দিকে তারাগঞ্জ ও রংপুর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নিহত ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ ও গাড়ি দুটি তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশের হেফাজতে রয়েছে।
ফায়ার সার্ভিসের একজন কর্মী জানান, নিহত ব্যক্তিদের শরীরের অবস্থা এতটাই ছিন্নভিন্ন যে তাদের শনাক্ত করা যাচ্ছে না। সবাই বাসের যাত্রী ছিলেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হেল বাকি বাস দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য