সিলেটটুডে ডেস্ক

২৬ জুন, ২০১৮ ১৮:১৩

ইভিএমের দুই কেন্দ্রে নৌকা জয়ী

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দুই ইভিএম কেন্দ্র রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ (পুরুষ কেন্দ্র) ও রানী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ (মহিলা কেন্দ্র) এর ফল ঘোষণা করা হয়েছে। ৪০০৪ জন ভোটারের এই দুই কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমে পেয়েছেন ১২৬৫ ভোট এবং  ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ৫০৮ ভোট। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সেলিম উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।


প্রিজাইডিং অফিসার জানান, রানী বিলাসমনি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-১-এ মোট ভোটার ১৯২৭। এতে নৌকা প্রতীকে পড়েছে ৬৫৫, ধানের শীষে ২৯৬, কাচি ২৫, মিনার ৬, টেবিল গড়ি ৮, মোমবাতি ২০৭ ও হাতপাখা প্রতীকে ২৪ ভোট পড়েছে।

রানী বিলাসমনি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-২-এর মোট ভোটার ২০৭৭। এই কেন্দ্রে নৌকা প্রতীকে পড়েছে ৬১০, ধানের শীষে ২১২ ভোট পড়েছে।  

এর আগে মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিকাল চারটার পর শুরু হয় ভোট গণনা। বিভিন্ন কারণে সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং অফিসার।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সাত জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপি মো. হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি)। ভোটাররা বলছেন, প্রার্থী সাত জন হলেও মূল লড়াই হবে জাহাঙ্গীর আলম ও হাসান সরকারের মধ্যে।

গাজীপুরে এবার মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। এ সিটিতে এবার নতুন ভোটার এক লাখ ১১ হাজার। এছাড়া, শ্রমিক ভোটার দুই লাখের বেশি। সিটির ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৩৩৭টিকে ঝুঁকিপূর্ণ ও ৮৮টিকে সাধারণ চিহ্নিত করা হয়।

৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত। এসব ওয়ার্ডে কাউন্সিল পদে ৩৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫৪ জন। সংরক্ষিত ১৯টি ওয়ার্ডে ৮৪ নারী কাউন্সিলর নির্বাচন করছেন।

আপনার মন্তব্য

আলোচিত