সিলেটটুডে ডেস্ক

২৬ জুন, ২০১৮ ২০:০০

বাজেট নিয়ে বিরোধী দলের বক্তব্য উগ্র: অর্থমন্ত্রী

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে সাংসদের বক্তব্যের সমালোচনা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারের অংশ হয়েও বিরোধী দলের কিছু সদস্য যে ভাষায় বক্তব্য রাখেন তা 'দারুণ রকমের উগ্র'। তারা যেসব কথা-বার্তা বলেছেন তা, যথাযথ নয়। কারণ, বাজেট ঘোষণার আগে যখন মন্ত্রীসভায় অনুমোদন করা হয়, তারা উপস্থিত থেকে সম্মতি দেন। তাদের সমালোচনার জবাব সংসদেই দেবেন বলে জানান মুহিত।

মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মুহিত আরও বলেন, তারা বিরোধী দল ঠিক আছে। তবে এটা মনে রাখা উচিত বিরোধী দল হলেও সরকারের অংশ। তাদের দলের ক্যাবিনেট সদস্যরাও প্রস্তাবিত বাজেটে অনুমোদন দেন। সুতরাং এটা আমার একার বাজেট নয়।

বিরোধীতার বিষয়ে ব্যাখ্যা করে মুহিত জানান, আমি অধিকাংশ সময় সংসদে উপস্থিত ছিলাম। তারা সংসদে এমন আচরণ করেন যে, তারা সরকারের কোনো অংশ নয়।

গত ৭ জুন এই সরকারের দ্বিতীয় মেয়াদে শেষ বাজেট ঘোষণা করেন মুহিত। বাজেটে ব্যাংক খাতে কর্পোরেট কর কমানোসহ বেশ কিছু কর প্রস্তাব করেন তিনি। বাজেটে অধিবেশনে সংসদে ওপর সাধারণ আলোচনায় বিরোধী দল জাতীয় পার্টির কয়েকজন সাংসদ মুহিতকে তির্যক ভাষায় আক্রমণ করে বক্তব্য রাখেন এবং ব্যাংক খাতে লুটপাটের জন্য তাকে দায়ী করেন।

আপনার মন্তব্য

আলোচিত