২৬ জুন, ২০১৮ ২২:০৮
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫০ শতাংশ কেন্দ্রের ফলাফল আসার পরই দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান প্রায় দেড় লাখ। এখন অবধি কেন্দ্রগুলো থেকে অনানুষ্ঠানিকভাবে পাওয়া ২১৫টি কেন্দ্রে বিএনপির ধানের শীষের তুলনায় আওয়ামী লীগের নৌকা বেশি পেয়েছে ১ লাখ ৩৩ হাজার ৫১৮ ভোট।
এসব কেন্দ্রে ক্ষমতাসীন দলের প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে পড়েছে ২ লাখ ৪১ হাজার ৪৭০ ভোট। আর রাজনীতিতে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দীন সরকার পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৫২ ভোট।
মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ৮ ঘণ্টা ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন কেন্দ্রে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটলেও সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবেই।
ভোট শুরু হওয়ার ২৪ মিনিট পর নিজ বাসভবন সংলগ্ন ৫৪নং ওয়ার্ডের আউচপাড়ায় বশির উদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার। অপরদিকে সকাল নয়টায় সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাজির হয়ে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম।
গাজীপুর সিটি কর্পোরেশনে ৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই ৫৭টির মধ্যে ৫৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪ জন ও সংরক্ষিত ১৯ নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন এবং মেয়র পদে সাতজন প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। নির্বাচনে মোট ৩৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী।
এই নির্বাচনে যে ৪২৫টি কেন্দ্রে ভোট হয়েছে তার মধ্যে নয়টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে জালভোট ও সিল মারার অভিযোগ পেয়ে। বাকি কেন্দ্রগুলোতে ভোট সুষ্ঠুভাবে হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন।
আপনার মন্তব্য