সিলেটটুডে ডেস্ক

২৩ জুলাই, ২০১৮ ১৪:৫৪

প্রশাসনে যেন লাল-সাদা ফিতার দৌরাত্ম্য না থাকে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, আপনাদের মেধা, দক্ষতা ও যোগ্যতা দেশ গড়ার কাজে লাগাতে হবে। সরকারি চাকরি বলে যা খুশি তাই করবেন না। লাল ফিতা-সাদা ফিতার দৌরাত্ম্য প্রশাসনে যেন না থাকে। প্রশাসনে এমনভাবে কাজ করবেন যেন আপনাদের সন্তানরা এদেশে ভালোভাবে বসবাস করতে পারে।

সোমবার (২৩ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জনপ্রশাসন পদক-২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমাদের সময় শেষ। আগামী ডিসেম্বরে নির্বাচন। জনগণ ভোট দিলে আছি, না দিলে নেই। এ জন্য কোনো আক্ষেপ নেই। তবে দেশটাকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছি সেটা যেন অব্যাহত থাকে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এগিয়ে যেতে চাই। সমৃদ্ধ হতে চাই। নতুন নতুন উপায় উদ্ভাবন করে দেশকে এগিয়ে নিতে হবে। জনসেবায় মেধা প্রয়োগ করতে হবে। জনকল্যাণ নিশ্চিত করতে হবে। এজন্য সরকার ইনোভেশন প্রকল্পও নিয়েছে। সরকারি কর্মকর্তারা অবশ্যই মেধাবী। মেধাবী বলেই তারা চাকরি পেয়েছেন। তাদের উদ্ভাবনী শক্তি নিয়ে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে মেট্রোরেল করছি। আমাদের সক্ষমতাও বেড়েছে। মানুষের যেন সার্বিক উন্নয়ন হয়, জাতির পিতা সেই কথাই বলেছিলেন। তার রাজনীতি ছিল মানুষের উন্নয়ন করা। সেই লক্ষ্যে তিনি স্বাধীনতা অর্জন করেন।’

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমদ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় ও জেলা পর্যায়ে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য ভূমিকা পালন ও অবদানের জন্য পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক, সার্টিফিকেট ও চেক তুলে দেন। আর তাকে শ্রদ্ধার নিদর্শন স্বরূপ ক্রেস্ট প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।

আপনার মন্তব্য

আলোচিত