সিলেটটুডে ডেস্ক

২৪ জুলাই, ২০১৮ ০২:০৩

রাজাকারের সন্তানরা কোটা সংস্কার আন্দোলনে ইন্ধন জুগিয়েছে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণে উচ্চ আদালতের আদেশ, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কোটা সংস্কার হতে পারে। মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে দরকার হলে অন্যান্য কোটা সংস্কার করা যেতে পারে। এমন অভিমত ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কাযনির্বাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত দলটির একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা সংস্কার আমরা চাই। তবে মুক্তিযোদ্ধা কোটা থাকবে।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে রাজাকারের সন্তান ও স্বার্থানেশী মহল ইন্ধন জুগিয়েছে। রাজাকারের সন্তানরা মুক্তিযোদ্ধা কোটা চান না।

সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন নারী ও জেলা সংগঠন কোটার বিরুদ্ধে কথা না বলায় রাজাকারের সন্তান ও স্বার্থানেশী মহল কোটা সংস্কারের আন্দোলনকে উস্কে দেয়ার সুযোগ পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা কোটা থাকবেই। মুক্তিযোদ্ধারা আগে পশ্চাৎপদ ছিল, তাদের পরিবারকে সামনে আনা হয়েছে। তাই এ কোটা থাকবেই।

যে রাজাকারের তালিকা বঙ্গবন্ধু করেছেন তার আলোকে রাজাকার, আলবদর, আলশামসদের তালিকা করে তাদের পরিবারের কেউ যেন সুযোগ-সুবিধা না পায় সেটার দিকে নজর দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

নেতাদের দেয়া তথ্য অনুযায়ী সভায় কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনার সূত্রপাত করেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন, নেত্রী এই ইস্যুটির সমাধান হওয়া উচিত। এ আলোচনায় অংশ নেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

কোটা সংস্কারে কমিটি গঠনের কথাও উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি। বৈঠকে ছাত্রলীগের কমিটি নিয়েও আলোচনা হয়। কোটা নিয়ে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতাও সভায় কথা বলেন।

প্রধানমন্ত্রী ছাত্রলীগের কমিটি গঠনের বিষয়ে বলেন, অন্যান্য কাজের ফাঁকে ছাত্রলীগের কমিটির বিষয়টি দেখছি। প্রার্থীদের সঙ্গে বসেছি। ছাত্রলীগের নেতা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে কমিটি ঘোষণা দেবো।

আপনার মন্তব্য

আলোচিত