২৪ জুলাই, ২০১৮ ১৪:৪৩
ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি বিমান চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে। তবে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ।
মঙ্গলবার (২৪ জুলাই) বেলা ১২টা ১৮ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে বিমানটি দুর্ঘটনায় পড়ে।
তারিক আহমেদ জানান, থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) উড়োজাহাজটি ব্যাংকক থেকে রওনা হয়। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু উড়োজাহাজটি ১২টা ১৮ মিনিটে অবতরণ করে।
অবতরণের সময় রানওয়েতে পানি জমে থাকায় উড়োজাহাজটি রানওয়ের একটু পাশে অবতরণের চেষ্টা করে। ফলে এর একটি চাকা ফেটে যায় বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী বেসরকারি একটি বিমান সংস্থার কর্মকর্তা বলেন, ‘বিমানবন্দরে আমরা নিজেদের একটি ফ্লাইটের ইন্সপেকশন করছিলাম, তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। হঠাৎ দেখি উড়োজাহাজটি অস্বাভাবিকভাবে ল্যান্ড করলো। দেখে মনে হয়েছিল, হয়তো কোনো কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণ করেছে’।
এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানটি সরিয়ে নেওয়ার পর রানওয়ে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা।
আপনার মন্তব্য