০২ আগস্ট, ২০১৮ ১৯:২৬
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিমের বাবা-মায়েরা আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মাধ্যমে এই অনুরোধ জানান মিমের বাবা জাহাঙ্গীর ফকির ও আবদুল করিমের মা মহিমা বেগম।
এসময় জাহাঙ্গীর ফকির সকল শিক্ষার্থীর অভিভাবকদেরকে অনুরোধ জানিয়ে বলেন, ‘চলুন আমরা আমাদের নিজের সন্তানদের বুঝিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যাই। আমরা আশা করি, আমরা একটা শক্ত বিচার পাব। প্রধানমন্ত্রীর নিজে আমাদেরকে বলেছেন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সান্ত্বনা দিয়েছেন। আমরা তাঁর কাছে খুবই কৃতজ্ঞ।’
আর আবদুল করিমের মা মহিমা বলেন, ‘তোমরা সবাই আমাদের সন্তানের জন্য রাস্তায় নেমেছ। সবই হয়ে গেছে। এখন তোমরা যে যার যার ঘরে উঠে যাও। তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা ঘরে ফিরে যাও।’
এর আগে সকালে ১১টার দিকে বাসচাপায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মীম ও আব্দুল করিমের পরিবাদের সদস্যা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর কার্যালয়ে যান।
এসময় এ সময় তিনি দুই পরিবারকে সমবেদনা ও ২০ লাখ টাকা করে পারিবারিক সঞ্চয়পত্রের অনুদান দেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দিয়ার বাবা জাহাঙ্গীর ফকির, ভাই-বোন, মা এবং আবদুল করিমের মা মহিমা বেগম, বোন ও পরিবারের সদস্যদের পাশাপাশি শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের প্রিন্সিপাল নূর নাহার ইয়াসমিন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য