০৮ আগস্ট, ২০১৮ ১১:৫২
তথ্য-প্রযুক্তি আইনের মামলায় রিমান্ডে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে হাই কোর্টের নির্দেশে গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয় বলে জানান দৃক গ্যালারির মহাব্যবস্থাপক এ এস এম রেজাউর রহমান।
রেজাউর বলেন, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে আজ (বুধবার) সকালে শহিদুল আলমকে হাসপাতালে নেয়া হয়েছে।
তথ্য ও প্রযুক্তি আইনে করা মামলায় রিমান্ডে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠাতে মঙ্গলবার (৭ আগস্ট) নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
প্রসঙ্গত, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ বক্তব্য প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রিমান্ডে নেয়া হয় শহিদুল আলমকে।
প্রখ্যাত এই আলোকচিত্রীকে আটকের পর নির্যাতন ও রিমান্ডে পাঠানোর বৈধতার বিষয়ে এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশনা চেয়ে তার স্ত্রী রেহনুমা আহমেদ মঙ্গলবার একটি রিট করেন। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিআইজি (ডিবি) ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিবাদী করা হয়।
আপনার মন্তব্য