০৮ আগস্ট, ২০১৮ ২২:২৭
রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জাবালে নূর বাসের সেই চালক মাসুম বিল্লাহ।
বুধবার (৮ আগস্ট) ঘাতক চালককে ঢাকার সিএমএম আদালতে হাজির করে স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করেন ডিবি পুলিশের ইন্সপেক্টর কাজী শরিফুল ইসলাম।
পরে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তার খাসকামরায় ১৬৪ ধারায় আসামী মাসুম বিল্লাহর জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ১ আগস্ট মাসুম বিল্লাহ’র সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, মাসুম বেশি যাত্রী পাওয়ার আশায় ওই দিন আরেকটি বাসের আগে পৌঁছতে বেপরোয়া চালিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই শিক্ষার্থীদের উপর তার গাড়িটি তুলে দেওয়ার কথা স্বীকার করেছেন।
সেদিন দুপুরে এমইএস বাসস্ট্যান্ডের কাছে ফ্লাইওভারের গোড়ায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একদল শিক্ষার্থী বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। তখন জাবালে নূরের দুটি বাসের রেষারেষির মধ্যে মাসুমের চালানো বাসটি শিক্ষার্থীদের উপর উঠে গেলে প্রাণ হারান দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব।
এদিকে পুলিশ জানিয়েছে, ওই বাসচালকের লাইসেন্স পর্যালোচনা করে দেখা গেছে যে তিনি হালকা গাড়ি চালানোর উপযুক্ত। ভারী গাড়ি চালানোর অনুমতি তার নেই।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাস আরেকটি বাসের সাথে পাল্লা দিতে গিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
পরদিন দিয়ার বাবা দূরপাল্লার বাসচালক জাহাঙ্গীর আলম ফকির মামলা করলে র্যাব মাসুম ছাড়াও জাবালে নূরের আরও দুই বাসচালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করে। তারা হলেন চালক জোবায়ের ও সোহাগ আলী এবং সহকারী এনায়েত হোসেন ও রিপন হোসেন। এছাড়াও গ্রেপ্তার করা হয় জাবালে নূর পরিবহনের মালিক শাহাদাত হোসেনকে। গ্রেপ্তার সবাই রিমান্ডে রয়েছেন।
আপনার মন্তব্য