সিলেটটুডে ডেস্ক

১৩ আগস্ট, ২০১৮ ১৭:২৫

রিমান্ড শেষে অভিনেত্রী নওশাবা অসুস্থ

নিরাপদ সড়কের আন্দোলনের মধ্যে ফেসবুকে মৃত্যুর গুজব ছড়ানোর ঘটনায় গ্রেপ্তার অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদ রিমান্ড শেষে অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ৩টায় নওশাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাছের আহমেদ জানান, নওশাবা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় নওশাবাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের হেফাজত শেষে সোমবার আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই বিকাশ কুমার পাল তাকে নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে পৌঁছালে নওশাবা অসুস্থ হয়ে পড়েন।

আদালত সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শওকত আকবর বলেন, অসুস্থ হয়ে পড়ায় নওশাবাকে আদালতে হাজির না করে সরাসরি হাসপাতালে নেওয়া হয়।

প্রসঙ্গত, ৪ অগাস্ট দুপুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ের কর্মীদের সংঘর্ষ বাঁধার পর জিগাতলা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষে শিক্ষার্থীদের মৃত্যুর ‘গুজব’ ছড়িয়ে পড়লে অভিনেত্রী নওশাবা বিকাল চারটার দিকে ফেসবুক লাইভে জিগাতলায় হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার খবর জানান।

ওইদিনই রাজধানীর উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নওশাবা জানান, ফেসবুক লাইভের সময় তিনি ঘটনাস্থলে নয়, উত্তরায় একটা শুটিং স্পটে ছিলেন। কিন্তু এমনভাবে লাইভ করছিলেন যেন তার সামনেই ঘটনা ঘটছে।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন, অন্য একজনের অনুরোধে নওশাবা এ কাজ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত