২২ আগস্ট, ২০১৮ ২১:৫৮
এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরু কোরবানি দিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের মুক্তিযোদ্ধা জাবেদ আলী।
ঈদের দিন আজ বুধবার সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের খামারপাড়া গ্রামের নিজ বাড়িতে এ গরু কোরবানি দেন জাবেদ আলী। তিনি গোড়াই ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৮ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দিয়ে আসছেন জাবেদ আলী। এবার তিনি ৪২ হাজার টাকা মূল্যের একটি গরু কোরবানি দিয়েছেন। এ নিয়ে জাবেদ আলী ৯টি গরু কোরবানি দিলেন।
মুক্তিযোদ্ধা জাবেদ আলী বলেন, ‘১৯৬২ সালে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মাধ্যমে শ্রমীক লীগ দিয়ে রাজনীতি শুরু করি। তখন আমি টাঙ্গাইল কটন মিলের সহ-সভাপতি ছিলাম। পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে যোগদান করি।’
গরু কোরবানি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। তখন আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। পরে আমি প্রার্থনা করি, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হন, তবে প্রতি বছর গরু কোরবানি দেবো। সেই থেকেই প্রতি বছর গরু কোরবানি দিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমার তিন ছেলের দুই জন বিদেশে থাকে। তাদের টাকা দিয়ে সংসার চলে। সরকারি ভাতার টাকা দিয়ে প্রতি বছর গরু কোরবানি দিই।’
আপনার মন্তব্য