সিলেটটুডে ডেস্ক

১৭ জুলাই, ২০১৭ ২২:৪৫

খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে সন্দেহ ওবায়দুল কাদেরের

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘শেখ হাসিনার মতো, ওই ওয়ান ইলেভেনের সময় সাহস করে তিনি ফিরে আসবেন কি না, মামলার ভয়ে আবার সময় বর্ধিত হবে কি না, সেটা কেবল সময়ই বলে দেবে।’

সোমবার সচিবালয়ে নিরাপদ সড়ক চাই-নিসচা’র নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সংশয় প্রকাশ করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের খালেদা জিয়ার লন্ডন সফর সম্পর্কে বলেন, ‘গত শনিবার থেকে ফেসবুকে দেখছি, টুইটারে দেখছি তার (বিষয়ে) স্ট্যাটাস। এত বেশি সময়ের জন্য একটি বড় দলের চেয়ারপারসন বিদেশে যাচ্ছেন, এখন জনশ্রুতি হচ্ছে, তিনি কি মামলার ভয়ে পালিয়ে গেলেন? তিনি কি মামলার ভয়ে ফিরে আসবেন না? মামলায় ১৫০ বার আদালতে সময় চাওয়ার পর এই সন্দেহটা ঘনীভূত হচ্ছে, জনগণের মধ্যে এই গুঞ্জনটা শাখা–প্রশাখা বিস্তার করছে।’

খালেদা জিয়া ও তারেক রহমানকে ইঙ্গিত করে ক্ষমতাসীন দলের এই নেতা আরও বলেন, ‘একজন মামলার ভয়ে বিদেশ থেকে আসেন না, কত দিন হয়ে গেল তিনি আর আসেন না। আরেকজন আবার টেমস নদীর পাড়ে গেলেন। উনি যাচ্ছেন, আমাদের এ ব্যাপারে আপত্তি বা মন্তব্য থাকার কথা নয়।’

নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি দেখে তারা কথা বলবেন।

সম্প্রতি সরকার ২২ অক্টোবরকে জাতীয় সড়ক নিরাপদ দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। দীর্ঘদিন ধরেই নিরাপদ সড়ক চাই নামের সংগঠনটি এই দিবসটির দাবি করে আসছিল। সরকারের সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানাতে চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সংগঠনের নেতারা ওবায়দুল কাদেরে সঙ্গে বৈঠক করেন।

সড়ক নিরাপত্তার বিষয়টি তুলে ধরে পরে সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, পাখির মতো মানুষ পথে বলি হচ্ছে। কত মানুষ প্রাণ হারাচ্ছে সড়কে। কত পরিবার বিপন্ন হয়ে যাচ্ছে। একজন মন্ত্রী হিসেবে কিছুই না করতে পারায় তাঁর মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে ওঠে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ‘রাস্তায় যখন চালকেরা গাড়ি নিয়ে নামে, তখন তারাই রাস্তার রাজা হয়ে যায়। রাস্তাঘাট ভালো হলে তারা জানি কী করে বলা যায় না।’

এদিকে, লন্ডনে সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরবেন কি না, সেই সন্দেহ করে আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ প্রসঙ্গটি ওঠে। অনির্ধারিত আলোচনায় একজন ‘মশকরা’ করে বলেছেন, উনি গেছেন, কিন্তু সাজার ভয়ে আসবেন কি না, কেউ জানে না। দেখেন ফিরে আসেন কি না?

চিকিৎসার জন্য গত শনিবার লন্ডনে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি তার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠেছেন।

বিএনপি জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে খালেদা জিয়ার দেশে ফেরার কথা।

আপনার মন্তব্য

আলোচিত