১৮ জুলাই, ২০২৬ ১৮:১৪
ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম আসরের ১০২টি ম্যাচ শেষ। এখন অপেক্ষা শুধু সান্ত্বনার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আর মহাকাব্যিক ফাইনালের। ইতিহাসে এবারই প্রথম ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে উঠেছিল এবং সেখান থেকে সব হিসাব-নিকাশ মিলিয়ে শীর্ষ দু'টি দলই টিকে রইল চ্যাম্পিয়ন হওয়ার চূড়ান্ত দৌড়ে। একদিকে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। দুই মহাদেশের দুই সেরার এই লড়াই ঘিরে তাই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।
লাতিন আমেরিকার আগ্রাসী, আবেগপ্রবণ ও ক্লান্তিহীন জয়ের ধারায় থাকা আর্জেন্টিনা নাকি ইউরোপের শৈল্পিক, পাসিং ফুটবলের নতুন জোয়ার আনা তারুণ্যদীপ্ত স্পেন- শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে শক্তিমত্তা, সাম্প্রতিক ফর্ম, ঐতিহাসিক রেকর্ড ও পরিসংখ্যানের বিচারে কারা এগিয়ে? চলুন দেখা যাক।
১. শক্তির জায়গা ও স্কোয়াড ডেপথ: অভিজ্ঞতার ম্যাজিক বনাম তারুণ্যের গতি
আর্জেন্টিনা (অভিজ্ঞতার ইস্পাতকঠিন সংহতি): আলবিসেলেস্তেদের মূল শক্তি দলগত ঐক্য এবং এক অপরাজেয় 'উইনিং মেন্টালিটি'। দলটির বড় সুবিধা হলো, ২০২২ বিশ্বকাপজয়ী স্কোয়াডের ১৭ জন সদস্যই এবারের বিশ্বকাপ দলে আছেন, যা ফাইনালের মতো বড় ম্যাচের স্নায়ুচাপে তাদের এগিয়ে রাখবে। সাথে লিওনেল মেসির জাদুকরী নেতৃত্ব, মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের অক্লান্ত পরিশ্রম এবং রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজের বিশ্বস্ত জুটি যেকোনো কঠিন পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত।
স্পেন (তারুণ্যের গতিশীল ডিরেক্ট ফুটবল): স্প্যানিশ দলটির মূল শক্তি তাদের অবিশ্বাস্য গতি আর উইং-প্লে। তরুণ তুর্কি লামিন ইয়ামাল এই দলের প্রধান আকর্ষণ, যদিও চলতি বিশ্বকাপে এখনও তিনি নিজের চেনা ফর্মের সবটুকু ঢেলে দিতে পারেননি। তবে টিকিটাকার ঐতিহ্যবাহী পাসিংয়ের সাথে আধুনিক ডিরেক্ট ফুটবলের নিখুঁত মিশ্রণ স্পেনকে যেকোনো প্রতিপক্ষের জন্য অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে।
২. আক্রমণভাগ: স্পেনের গতিময় শৈল্পিকতা বনাম আর্জেন্টিনার বৈচিত্র্য
দুই দলের আক্রমণভাগের খেলার ধরন সম্পূর্ণ বিপরীতমুখী, যা এই লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে:
স্পেনের নিখুঁত রসায়ন ও ক্ষুরধার আক্রমণ: স্পেন কোনো একক খেলোয়াড়ের ওপর নির্ভর করে খেলে না, বরং দলগত আক্রমণে তারা মারাত্মক সফল। ডানি ওলমোর চতুর পাসিং, মিকেল ওইয়ারজাবালের ক্ষুরধার ফিনিশিং আর ইয়ামালের বিধ্বংসী ড্রিবলিং প্রতিপক্ষের রক্ষণভাগকে মুহূর্তের মধ্যে খড়কুটোর মতো উড়িয়ে দিতে পারে। তাদের আক্রমণের মূল অস্ত্র বৈচিত্র্য আর গতি।
আর্জেন্টিনার 'মেসি-নির্ভরতা' ও স্ট্রাইকারদের ফর্ম: আক্রমণভাগে লিওনেল মেসির ভূমিকা বরাবরের মতোই প্রধান। গোল করা বা সতীর্থদের দিয়ে গোল করানো- সবখানেই তার উপস্থিতি প্রতিপক্ষের ডিফেন্সের জন্য রীতিমতো ধাঁধা। তবে দলটির বড় স্বস্তি হলো, নকআউট পর্বের কঠিন সময়ে দুই স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলগুলো আলবিসেলেস্তেদের আক্রমণে বাড়তি আত্মবিশ্বাস ও নতুন মাত্রা যোগ করেছে।
৩. মাঝমাঠের লড়াই: হাই-প্রোফাইল বনাম জাতীয় জার্সির 'ম্যাজিক'
মিডফিল্ডকে বলা হয় ফুটবল দলের আসল ইঞ্জিন। এই জায়গায় দুই দলের শক্তি ও দর্শনে রয়েছে স্পষ্ট বৈপরীত্য:
স্পেনের নক্ষত্রপুঞ্জ: স্পেনের মাঝমাঠ যেন এক আকাশচুম্বী শক্তির প্রতীক। যেখানে আছেন ২০২৪ সালের ব্যালন ডি'অর বিজয়ী রদ্রি, পিএসজির হয়ে টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফাবিয়ান রুইজ এবং তরুণ প্রতিভাবান পেদ্রি। এই ত্রয়ী যেকোনো ম্যাচের নিয়ন্ত্রণ একাই নিজেদের কব্জায় নিতে পারেন।
আর্জেন্টিনার ম্যাজিক মিডফিল্ড: কাগজে-কলমে স্পেনের মতো অতি-উচ্চ প্রোফাইলের তারকা হয়তো আর্জেন্টিনার মাঝমাঠে নেই। কিন্তু আকাশী-নীল জার্সি গায়ে জড়ালেই তারা যেন কোনো এক অদৃশ্য মায়াজালে আবদ্ধ হয়ে অদ্ভুত জাদুকরী শক্তিতে জ্বলে ওঠেন। দেশের জন্য জানপ্রাণ লড়ে যাওয়া ডি পল, এনজো কিংবা ম্যাক অ্যালিস্টারদের পারফরম্যান্স তখন বিশ্বের যেকোনো সেরা মিডফিল্ডারের চেয়েও উজ্জ্বল দেখায়।
৪. রক্ষণাত্মক দেওয়াল: নিশ্ছিদ্র ডিফেন্স বনাম আলবিসেলেস্তেদের দুর্বলতা
রক্ষণভাগের জমাট শক্তিতে এই টুর্নামেন্টে স্পেন আর্জেন্টনাক বেশ বড় ব্যবধানে পেছনে ফেলেছে:
স্পেনের দুর্ভেদ্য কেল্লা: এই বিশ্বকাপে স্পেনের ডিফেন্স যেন এক দুর্ভেদ্য প্রাচীর। টুর্নামেন্টে তারা গোল হজম করেছে মাত্র ১টি এবং ৬টি ম্যাচে নিজেদের জাল অক্ষত (ক্লিন শিট) রেখেছে। এমনকি সেমিফাইনালে ফ্রান্সের মতো শক্তিশালী আক্রমণভাগকেও তারা কোনো গোল করতে দেয়নি।
আর্জেন্টিনার নড়বড়ে ডিফেন্স: স্পেনের তুলনায় আর্জেন্টিনার রক্ষণভাগ এবার বেশ ভঙ্গুর লেগেছে। পুরো টুর্নামেন্টে তারা গোল হজম করেছে ৭টি, যার মধ্যে গ্রুপ পর্বে কেপ ভার্দে ও মিশরের বিপক্ষেই খেয়েছে ৪টি গোল। ফাইনালের মঞ্চে স্পেনের গতিশীল উইঙ্গারদের সামনে এই রক্ষণ বড় পরীক্ষার মুখোমুখি হবে।
৫. ঐতিহাসিক দ্বৈরথ: শেষ দেখার দগদগে ক্ষত বনাম প্রতিশোধের মঞ্চ
স্পেন ও আর্জেন্টিনা শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৮ সালের ২৮ মার্চ । আর্জেন্টিনা সমর্থকদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে আছে প্রীতি ম্যাচটি। যেখানে স্পেন আর্জেন্টনাক ৬-১ গোলের লজ্জাজনক ব্যবধানে বিধ্বস্ত করে শেষ দেখার মধুর প্রতিশোধ নিয়েছিল।
এই ফাইনালটি আর্জেন্টিনার জন্য যেমন সেই ৬-১ গোলের ঐতিহাসিক দগদগে ক্ষত মুছে ফেলার সুবর্ণ সুযোগ, তেমনি স্পেনের জন্য নিজেদের আধিপত্যের পুনরাবৃত্তি ঘটানোর মঞ্চ।
৬. আর্জেন্টিনার অবিশ্বাস্য 'কামব্যাক' ও ইস্পাতকঠিন মানসিকতা
ডিফেন্সে কিছুটা ঘাটতি থাকলেও আর্জেন্টিনা এবার দেখিয়েছে অবিশ্বাস্য এক চারিত্রিক দৃঢ়তা ও মরণজয়ী স্পিরিট। নকআউট পর্বে খাদের কিনারা থেকে তাদের ঘুরে দাঁড়ানোর গল্প রূপকথাকেও হার মানায়:
অতিরিক্ত সময়ের নাটকীয়তা: কেপ ভার্দে ও সুইজারল্যান্ডের বিপক্ষে নকআউটের শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে অতিরিক্ত সময়ে গোল দিয়ে জয় ছিনিয়ে এনেছে স্কালোনির দল।
মিশরের বিপক্ষে অতিমানবীয় প্রত্যাবর্তন: কোয়ার্টার ফাইনালে মিশরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ ১২ মিনিটে ৩ গোল দিয়ে ৩-২ ব্যবধানে ম্যাচ জেতে আলবিসেলেস্তেরা।
ইংল্যান্ডকে স্তব্ধ করা সেমিফাইনাল: সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকেও মাত্র কয়েক মিনিটের জাদুকরী ঝড়ে ২-১ গোলের অবিশ্বাস্য জয় নিয়ে ফাইনালে পা রাখে তারা।
ফুটবল বিশ্লেষকরা আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ যাত্রাকে ২০২২ সালের রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মহাকাব্যিক যাত্রার সাথে তুলনা করছেন। রিয়াল মাদ্রিদ যেভাবে প্রতি রাউন্ডে ম্যাচ হারার ঠিক আগমুহূর্তে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, আর্জেন্টিনা ঠিক সেই একই ইস্পাতকঠিন মানসিকতা প্রদর্শন করছে।
৭. লিওনেল মেসি: ৩৯ বছর বয়সেও অতিমানবীয় রূপ
আর্জেন্টিনার সবচেয়ে বড় এক্স-ফ্যাক্টর এবং শক্তির মূল উৎস তাদের ৩৯ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসি। বয়সের সংখ্যাকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এই বিশ্বকাপেও তিনি আছেন ক্যারিয়ারের অন্যতম সেরা ছন্দে:
চলতি বিশ্বকাপে তিনি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (৮ গোল) এবং একই সাথে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্টদাতাও (৪ এসিস্ট)।
একই সঙ্গে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোল (২১)এবং সর্বোচ্চ অ্যাসিস্টের (১২) রেকর্ডও এখন এই মহানায়কের পকেটে। মেসির এই অতিমানবীয় উপস্থিতি সতীর্থদের যেকোনো কঠিন পরিস্থিতিতে বুক চিতিয়ে লড়াই করার অবিরাম প্রেরণা জোগায়।
৮. টাইব্রেকার ভাগ্য: মনস্তাত্ত্বিক যুদ্ধে যোজন যোজন এগিয়ে আর্জেন্টিনা
১২০ মিনিটের খেলা শেষেও যদি ম্যাচ অমীমাংসিত থাকে, তবে পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনা মানসিকভাবে বিশাল ব্যবধানে এগিয়ে থাকবে।
মার্টিনেজ ফ্যাক্টর: আর্জেন্টিনার গোলপোস্টের নিচে আছেন গত বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী এমিলিয়ানো মার্টিনেজ, যাকে বর্তমান ফুটবল বিশ্বের পেনাল্টি শুটআউটের সবচেয়ে সফল এবং মনস্তাত্ত্বিক মাইন্ড গেমের সেরা গোলকিপার বলা যায়।
পরিসংখ্যানের জোর: আর্জেন্টিনা ২০০৬ সালের পর বিশ্বকাপে আর কোনো পেনাল্টি শুটআউটে হারেনি। অন্যদিকে, পেনাল্টি শুটআউটে স্পেনের রেকর্ড অত্যন্ত হতাশাজনক; গত দুটি বিশ্বকাপেই তারা টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
৯. এক অলিখিত 'ফিনালিশিমা'
ফুটবলপ্রেমীদের মনে থাকার কথা,গত ২৮ মার্চ এই দু'দলের মধ্যে দুই মহাদেশের চ্যাম্পিয়নদের লড়াই 'ফিনালিশিমা' অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইরান ও আমেরিকার মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সেই ম্যাচটি আর মাঠে গড়ায়নি। ফলে, এই বিশ্বকাপের ফাইনালটি দুই দলের জন্য কেবল বিশ্বসেরা হওয়ার লড়াই-ই নয়, বরং এটি একটি অললিখিত ফিনালিশিমাও বটে, যেখানে নির্ধারিত হবে দুই মহাদেশের আসল শ্রেষ্ঠত্বের মুকুট।
১০. প্রযুক্তি ও জনমতের ভবিষ্যদ্বাণী: কার দিকে পাল্লা ভারী?
ম্যাচের আগে বিভিন্ন সুপারকম্পিউটার, প্রযুক্তি এবং ডেটা কিন্তু স্পেনের দিকেই ঝুঁকে আছে:
ইএ স্পোর্টস (EA Sports): যারা গত ৪টি বিশ্বকাপের নিখুঁত ও সঠিক চ্যাম্পিয়ন প্রেডিকশন করেছিল, তাদের এবারের গণনা বলছে- স্পেনই হচ্ছে চ্যাম্পিয়ন।
সুপারকম্পিউটার: সুপারকম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা অ্যানালাইসিস অনুযায়ী, নির্ধারিত সময়ে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৪৫.১%, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ২৯.৪%। আর ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা ২৫.৪%।
দ্য টেলিগ্রাফ (The Telegraph): ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রেডিক্টর ও সিমুলেটরে ২২% মানুষ স্পেনকে চ্যাম্পিয়ন দেখছেন, বিপরীতে মাত্র ৯% মানুষ আর্জেন্টিনার পক্ষে বাজি ধরছেন।
চূড়ান্ত মূল্যায়ন: ট্রফি কার হাতে উঠবে?
পরিসংখ্যান, সুপারকম্পিউটারের ডেটা, রক্ষণভাগের নিশ্ছিদ্র শক্তি এবং শেষ দেখার সেই ৬-১ গোলের স্মৃতি বিবেচনায় স্পেন এই ম্যাচে পরিষ্কার ব্যবধানে ফেভারিট হিসেবে মাঠে নামবে। তাদের ব্যালেন্সড মিডফিল্ড এবং ৬ ম্যাচের ক্লিন শিটের রেকর্ড যেকোনো দলের জন্যই ভয়ের কারণ।
তবে ফুটবল ম্যাচটি ডেটা বা কম্পিউটারে নয়, খেলা হয় সবুজ মাঠে। আর সেখানে আর্জেন্টিনার রয়েছে ম্যাচ মরার আগে না হারার রিয়াল মাদ্রিদসুলভ ইস্পাতকঠিন মানসিকতা, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য রেকর্ড, পেনাল্টি শুটআউটের আত্মবিশ্বাস এবং লিওনেল মেসির মতো একজন জাদুকর। যদি স্পেন তাদের স্বাভাবিক গতির ফুটবল খেলে আর্জেন্টিনার ডিফেন্স ভেঙে দিতে পারে, তবে স্পেনের ২য় বিশ্বকাপ জয় আটকানো মুশকিল। কিন্তু ম্যাচটি যদি স্নায়ুযুদ্ধে রূপ নেয় এবং সেখানে আর্জেন্টিনার চিরাচরিত 'কামব্যাক' গল্প বা টাইব্রেকার ভাগ্য কাজ করে, তবে শেষ হাসি হেসে নিজেদের ৪র্থ বিশ্বকাপ ঘরে তুলবে আলবিসেলেস্তেরাই। একটি জমজমাট ও ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল দেখার অপেক্ষায় এখন বুঁদ হয়ে আছে পুরো ফুটবল বিশ্ব!
আপনার মন্তব্য