স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০১৮ ২২:২৮

নকআউট পর্বে নতুন বল

সব অপেক্ষার প্রহর শেষ করে এই যে কদিন আগেই শুরু হয়েছিল বিশ্বকাপ। আর দেখতে দেখতে রাশিয়া বিশ্বকাপ পৌঁছে গেছে নক-আউটের দ্বারপ্রান্তেও। রাশিয়া বিশ্বকাপে নকআউট পর্বের জন্য ফিফা অবশ্য জমিয়ে রেখেছিল একটি চমক। শেষ ষোলোর লড়াই থেকে প্রত্যেকটি ম্যাচ গড়াবে নতুন একটি বল দিয়ে!

বিশ্বকাপের ২১তম আসরে গ্রুপ পর্বের খেলাগুলো হচ্ছে ‘টেলস্টার ১৮’ নামের একটি বল দিয়ে। নক-আউট পর্ব শুরু হতেই বলটা থাকছে টেলস্টারই তবে বদলে যাচ্ছে রং ও নাম। দ্বিতীয় পর্ব থেকে সবকটি ম্যাচ মাঠে গড়াবে ‘টেলস্টার মেচতা’ নামের একটি বল দিয়ে।

শেষ ষোলো থেকে খেলা হবে ‘টেলস্টার মেচতা’ বল দিয়ে। নতুন এই ম্যাচ বলটি পুরোপুরি টেলস্টার ১৮’র উপাদান দিয়ে তৈরি। পার্থক্য কেবল একটি জায়গায়। নকশায় ব্যবহার করা হয়েছে উজ্জ্বল লাল রং।

স্বাগতিক রাশিয়ায় অনুপ্রাণিত রং লেগেছে নকআউটের ম্যাচ বলে। একই সঙ্গে লাল রং দিয়ে আভাস দেওয়া হচ্ছে নকআউটের উত্তাপ। রুশ শব্দ মেচতার অর্থ হলো ‘আকাঙ্ক্ষা’ বা ‘স্বপ্ন’। অ্যাডিডাসের তৈরি এই বল দিয়ে খেলেই গ্রুপের বাধা পেরোনো দলগুলো দেখবে শিরোপার স্বপ্ন।

গ্রুপ শেষ হতেই নকআউটে নতুন ম্যাচ বল। শোনা যাচ্ছে, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণীতেও দেখা যেতে পারে আরেকটি নতুন বল।

আপনার মন্তব্য

আলোচিত