২৭ জুন, ২০১৮ ১১:১২
ব্রাজিল বিশ্বকাপে লিওনেল মেসি সর্বশেষ গোল করেছিলেন নাইজেরিয়ার বিপক্ষে। রাশিয়া বিশ্বকাপেও করলেন গোল সেই নাইজেরিয়ার বিপক্ষে। এরই মধ্যে কেটে গেছে সাড়ে ছয়শ মিনিট। অবশেষে গোল পেলেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।
নাইজেরিয়ার বিপক্ষে মঙ্গলবার আর্জেন্টিনার ম্যাচটি ছিল বাঁচামরার। শুধুমাত্র নিজেদের হাতে ছিল দলটির ভাগ্য। ড্র করলেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হতো তাদের। প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র আর পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হার খাদের কিনারে ঠেলে দিয়েছিল দলটিকে। আর এই জায়গা থেকে মুক্তি পেতে সবচেয়ে বেশি নজর ছিল যার উপর তিনি লিওনেল মেসি। যিনি ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর আর গোল পাননি। তবে অস্তিত্বের লড়াইয়ে এবারের বিশ্বকাপে প্রথম গোল করলেন। পরিসংখ্যান বলছে বিশ্বকাপে তার আগের গোলের পর এ গোল পেতে ৬৬২ মিনিট সংগ্রাম করতে হয়েছে।
লিওনেল মেসির গোলের পর নাইজেরিয়া অবশ্য সেটি পরিশোধ করে। পরে মার্কোস রোহোর গোলে পার পায় আর্জেন্টিনা। মেসির ৬৬২ মিনিটের অপেক্ষার প্রহর ফুরোলো।
টানা ৪ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোর টিকিট পেল। ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে কমপক্ষে গ্রুপ পর্ব পেরিয়েছে আর্জেন্টিনা।
নাইজেরিয়ার বিপক্ষে ১৪ মিনিটেই গোল করেন মেসি। বিশ্বকাপে তার সর্বশেষ গোলটিও ছিল এই নাইজেরিয়ার বিপক্ষে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বে। সেবার ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। কিন্তু পরে আর গোল পাননি। এবারের আসরের প্রথম দুই ম্যাচেও ছিলেন গোলশূন্য। সময়ের হিসেবে বিশ্বকাপে ৬৬২ মিনিট খেলে গোলহীন থাকার পর ফের গোলের দেখা পেলেন লিওনেল মেসি।
আপনার মন্তব্য