নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০১৫ ১৯:০৯

চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতা তুষারের বিরুদ্ধে থানায় জিডি

চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে গালিগালাজের অভিযোগে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি করেছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলে তুষারসহ তিনজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় এই ডায়রি করেন সেবুল আহমদ নামের এক ব্যক্তি। ডায়রি নং-৬৪৯।

ডায়রিতে আব্দুল আলিম তুষার ছাড়াও সুবিদবাজার এলাকার মাকসুদ (২৫) ও শাহপরারণ থানার উপশহর এলাকার মাসুক (২৩) কে অভিযুক্ত করা হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল আলম ডায়রি দায়েরের কথা স্বীকার করেছেন।

তবে ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেবুল আহমদ কে তা এই মূহূর্তে ঠিক মনে করতে পারছি না। থানায় ডায়রির বিষয়টিও আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি।

ডায়রি সূত্রে জানা যায়, ঈদ উল আযহায় তুষার, মাকসুদ, মাসুককে নিয়ে গার্ডেন টাওয়ারের পেছনে পশুর হাট বসান চাকুরিজীবি সেবুল আহমদ।

পরবর্তীতে ঈদের আগের দিন তুষারের নির্দেশে অপর অভিযুক্তরা সেবুল আহমদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। এরপর ১০ অক্টোবর সন্ধ্যায় সেবুলের কাছে আরো এক লাখ টাকা চাঁদা দাবি করেন তুষার। টাকা না দেওয়ায় তুষারসহ অন্য অভিযুক্তরা সেবুল আহমদকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকিও প্রদান করেন।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে পশ্চিম চৌকিদেখী এলাকার বাসিন্দা সেবুল আহমদ এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়রি করেছেন।

এরাআগে তুষারসহ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মেন্দিবাগ গরুর হাটের টাকা লুটের অভিযোগ এনে কতোয়ালি থানার অভিযোগ দেওয়া হয়েছিলো।

তবে তখনও তুষার টাকা লুটের বিষয়টি অস্বীকার করেছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত