১৬ আগস্ট, ২০২০ ১২:৫৪
নানার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে খেলার সময় লামিয়া আক্তার (৬) নামে এক শিশু অটোরিকশা ও গাছের মধ্য চাপা পড়ে ঘটনাস্থলে মারা গেছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী শিয়ালউড়ি গ্রামের রাস্তায় শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের আশিক মিয়ার মেয়ে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, হরষপুর গ্রামের আশিক মিয়া ও পাপিয়া সুলতানা পুতুল দম্পতির ছোট মেয়ে লামিয়া আক্তার (৬) শিয়ালউড়ি গ্রামের নানা আব্দুর রশিদ মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায়। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় লামিয়া বাড়ির পাশে বাচ্চাদের নিয়ে খেলা করছিল। এসময় অটোরিকশাচালক অটোরিকশাটি ঘুরাতে গেলে লামিয়া অটোরিকশা ও একটি গাছের মধ্যে আটকে পড়ে চাপা খেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর কাশিম নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম জানান, দুর্ঘটনায় নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রোববার (১৬ আগস্ট) সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য