১৭ আগস্ট, ২০২০ ১৮:১০
সুনামগঞ্জের ছাতকে একটি সংঘর্ষের ঘটনায় দায়ের মামলায় হাজিরা দিতে গিয়ে ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনুকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।
সোমবার (১৭ আগস্ট) সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মজনুসহ ৩ জন হাজির হয়ে জামিন প্রার্থনা করলে ম্যাজিস্ট্রেট বেলাল আহমদ জামিন নামঞ্জুর করে আব্দুল ওয়াহিদ মজনুকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এসময় অপর ২ জনের জামিন মঞ্জুর করেন।
আব্দুল ওয়াহিদ মজনু শহরের তাতিকোনা গ্রামের মৃত আব্দুর রজাকের পুত্র ও ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান।
জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ১০ জুন তাতিকোনা এলাকার আব্দুল ওয়াহিদ মজনু ও মৃত আছদ্দর আলীর পুত্র আঞ্জব আলী পক্ষদ্বয়ের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ ব্যক্তি আহত হন। এ ঘটনায় ছাতক থানায় পাল্টাপাল্টি মামলাও দায়ের করা হয়। প্রতিপক্ষ আঞ্জব আলীর দায়ের মামলায়(নং-২৬/১৬৫) আব্দুল ওয়াহিদ মজনুকে করা হয় ২ নং আসামি। ওই মামলায় সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আব্দুল ওয়াহিদ মজনু জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আপনার মন্তব্য