নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০১৫ ২৩:৪৫

টিলাগড়ে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ-গুলি বিনিময়, সাধারণ সম্পাদক আহত

সিলেট নগরীর টিলাগড় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ কয়েকজন আহত হয়েছেন। রবিবার রাত ৯ টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়াশি অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতিতেই সংঘাত চলছে।

জানা যায়, শনিবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। এ কমিটি ঘোষনার পর থেকে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পদবঞ্চিতদের সাথে যোগ দেয় টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগের একটি অংশ। এই কমিটি গঠনের জের ধরেই রবিবার রাতে টিলাগড় পয়েন্টে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী গ্রুপের উপর হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপ। এতে রায়হাত চৌধুরী গুরুতর আহত হন। এছাড়া একজন গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। তবে গুলিবিদ্ধের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংঘর্ষকালে পদবঞ্চিতরা টিলাগড়স্থ আজমেরি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় তারা ক্যাশ বাক্স লুট করে বলেও অভিযোগ পাওয়া গেছে। পরে রায়হান চৌধুরীর অনুসারীরা টিলাগড়ের আরেকটি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর করে।

সংঘর্ষের ঘটনার খবর শাহপরান থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থতি নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। তবে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ চালিয়ে যায় দুই গ্রুপ। পুলিশের সামনেই আজেমরী রেস্টুরেন্টে দ্বিতীয় দফায় হামলা চালায় পদবঞ্চিত গ্রুপ। সংঘর্ষকালে টিলাগড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। অস্ত্রবাজদের ধরতে অভিযান চলছে।

ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ অনুসারী ও পদবঞ্চিতরা আরেক আওয়ামী লীগ নেতা রনজিত সরকার অনুসারী।

প্রসঙ্গত, শনিবার নির্মলেন্দু পালকে সভাপতি ও মাহিন নুর ইসলামকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত