তাহিরপুর প্রতিনিধি

০১ অক্টোবর, ২০২০ ২৩:৪১

তাহিরপুরে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের চানপুর-বারেকটিলা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরিকুল ইসলাম (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী থানার আলোয়াখোয়া ইউনিয়নের নুহ ইসলামের ছেলে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম তাহিরপুর এলাকায় পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইনম্যান হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর বাজার থেকে বারেক টিলার রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম মোটরসাইকেল নিয়ে বারেকটিলা যাওয়ার পথে রাজাই নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পথচারী তরিকুল ইসলামকে ধাক্কা দেন। এতে তরিকুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পথচারীরা গুরুত্ব আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তরিকুলের মরদেহ উদ্ধার করে।


ঘটনায় সত্যতা নিশ্চিত করে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। লাশ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

আপনার মন্তব্য

আলোচিত