০২ অক্টোবর, ২০২০ ২২:৫১
বড়লেখার নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। তার নাম মো. মঈন উদ্দিন (২৮)। তিনি বড়লেখা পৌরসভার গাজিটেকা পুরুষরামের চক এলাকার ফয়জুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিলেট জেলার কানাইঘাট থানার সড়কের বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ (সিলেট ক্যাম্প) এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
র্যাব- ৯ সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) ও বড়লেখা থানা পুলিশ সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় আদালত মো. মঈন উদ্দিনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। মামলা নম্বর সিআর ১১২/১৯ (বড়)। সাজার পর থেকে মঈন পলাতক ছিলেন। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পলাতক ওই আসামিকে কানাইঘাট থানার সড়কের বাজার এলাকায় থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর উপ অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম ও সহকারী পুলিশ সুপার গণমাধ্যম (এএসপি মিডিয়া) ওবাইন।
বড়লেখা থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) কামাল হোসেন শুক্রবার (২ অক্টোর) সন্ধ্যায় বলেন, ‘সাজাপ্রাপ্ত ওই আসামির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন থেকে সে পলাতক। র্যাব-৯ কে তার বিষয়ে তথ্য জানানো হয়। অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-৯ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
আপনার মন্তব্য