নবীগঞ্জ প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০২০ ০০:৪২

নবীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (৩ অক্টোবর) বিকেলে প্রজাতপুর জনকল্যাণ যুব সংঘ সংগঠনের ব্যানারে ওই সব কর্মসূচি পালন করা হয়।

ইউনিয়নের ইউপি সদস্য আজিম উদ্দিন ও যুবদল নেতা নূর আলীর বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানির এই অভিযোগ করা হয়েছে।

জনকল্যাণ যুব সংঘ সংগঠনের সভাপতি মোহাম্মদ বাবলা হোসাইনের সভাপতিত্বে এতে অংশ নেন সহ সভাপতি রাশিদুল ইসলাম, রুমান হুসাইন আলকাই, সেবলু আহামেদ সাধারণ সম্পাদক সিতার আলী, পাবেল আহমেদ, কোষাধ্যক্ষ ইব্রাহীম আলী, বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ, হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া মানববন্ধনে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন- স্থানীয় যুবদলের সহ সভাপতি আজিম উদ্দিন ইউপি সদস্য হওয়ার পর থেকে যুবদলের সভাপতি নুর আলীসহ একটি মামলাবাজ চক্র বেপরোয়া হয়ে উঠেছে। তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে ফাঁদে পেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

বক্তারা আরও বলেন, নুর আলী ও আজিম উদ্দিন চিহ্নিত নাশকতাকারী আসামি। সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত। তারা সব সময় সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ইউপি সদস্য এলাকায় কোনো উন্নয়ন কাজ করেন না। এলাকাবাসীর উদ্যোগে কাজ করালে তাতেও বিরোধীতা করেন। এমনকি স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীসহ গ্রামের অনেক নিরীহ মানুষের উপর একেরপর এক মিথ্যা মামলা দায়ের করেছে ওই মামলাবাজ চক্র। গ্রামবাসী এর সুষ্ঠু বিচার চান।

এছাড়া গ্রামে একটি গভীর নলকুপ স্থাপনের কথা থাকলেও তা ইউপি সদস্য আজিম উদ্দিন তার বাড়িতে বসিয়েছেন। পরে তা অন্যত্র বিক্রি করেছেন বলেও অভিযোগ করেন গ্রামবাসী। মানববন্ধন ও সভা শেষে বিক্ষোভ মিছিলটি ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে শেষ হয়।

আপনার মন্তব্য

আলোচিত