জুড়ী প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২০ ১৮:৪৬

মা-বোনদের ইজ্জত না করলে বিশ্ব মনে করবে আমরা বর্বর জাতি: বনমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, কিছু কুলাঙ্গার দেশে ধর্ষণের মত জঘন্য ঘটনা ঘটায়। এরা কুলাঙ্গার। মাননীয় প্রধানমন্ত্রী এই কুলাঙ্গারদের ফাঁসির বিষয়ে উদ্যোগ নিয়েছেন। আমরা এর সাথে একমত পোষণ করি। মা-বোনদের ইজ্জত না করলে বিশ্ব মনে করবে আমরা বর্বর জাতি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ হল রুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সদ্য করোনাজয়ী মন্ত্রী বলেন, অনেকে বলে ছিলেন দেশে করোনায় লাখ লাখ মানুষ মারা যাবে, পথে ঘাটে লাশ পড়ে থাকবে। কিন্তু আল্লাহর হুকুমে তেমন কিছুই হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতা ও যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার কারণে বাংলাদেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম হয়েছে। মানুষ সচেতন থাকলে ৫ হাজারও মারা যেত না। করোনা সাধারণ কোন রোগ নয়, মহামারী। এ মহামারী থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই। আসন্ন শীতে আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে, তাই প্রধানমন্ত্রী সতর্ক থাকতে বলেছেন। এখনও সময় আছে, সবাইকে সতর্ক হতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, রনজিতা শর্মা, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সিতাংশু শেখর দাস, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন সাবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি উপজেলার ৩৩টি গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পাকা ঘরের চাবি হস্তান্তর, দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৬৭টি পূজামণ্ডপে জিআর চাল, নন-এমপিও ১১টি মাদ্রাসার ৩৯ জন শিক্ষক-কর্মচারীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের চেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শুকনো খাবার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত